মিষ্টি ও ফলের ওজন: প্যাকেটসহ, নাকি আলাদা?
বেচাকেনার ক্ষেত্রে ওজন ও পরিমাপে স্বচ্ছতা বজায় রাখা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিশেষত মিষ্টি, ফল কিংবা আটা-চালের মতো পণ্যের লেনদেনে একটি সাধারণ প্রশ্ন সামনে আসে—পণ্যের সাথে থাকা প্যাকেট, কার্টুন বা বস্তার ওজন কি মূল ওজনের সঙ্গে গণ্য হবে, নাকি তা আলাদাভাবে হিসাব করতে হবে?
এ প্রশ্নের উত্তরে শরিয়তের নীতি অত্যন্ত পরিষ্কার ও ন্যায়ভিত্তিক।
১. ওজনভিত্তিক ক্রয়-বিক্রয়—
যদি ক্রয়-বিক্রয় ওজনের ভিত্তিতে বা কেজি হিসেবে সম্পন্ন হয়, তাহলে পণ্য ও প্যাকেট/বস্তার ওজন অবশ্যই পৃথকভাবে নির্ধারণ করতে হবে। কারণ প্যাকেট বা বস্তা নিজেই একটি আলাদা বস্তু, যার নিজস্ব ওজন রয়েছে। ফলে পণ্যের ওজনের মধ্যে এর ওজন গোপনে যুক্ত করে দেওয়া হলে তা বাস্তবে ক্রেতাকে কম পণ্য দেওয়ার শামিল হয়—যা স্পষ্ট অন্যায় ও প্রতারণা।
ধরা যাক, আপনি ১ কেজি মিষ্টি কিনছেন। যদি দোকানদার কার্টুন বা বাক্সসহ ১ কেজি ধরেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি ১ কেজির কম মিষ্টি পাচ্ছেন। একইভাবে, ২ কেজি আপেল কিনলে যদি প্লাস্টিক ক্রেট বা প্যাকেটের ওজন যুক্ত করা হয়, তবে ফলের পরিমাণ কমে যায়। সুতরাং সঠিক পদ্ধতি হলো—নেট ওজন অনুযায়ী পণ্য দেওয়া, অর্থাৎ প্যাকেটের ওজন বাদ দিয়ে পূর্ণ পরিমাণ নিশ্চিত করা।
আধুনিক ডিজিটাল ওজনযন্ত্রে সাধারণত “টেয়ার (Tare)” নামে একটি সুবিধা থাকে। এর মাধ্যমে পাত্র, বক্স বা প্যাকেটের ওজন আলাদাভাবে বাদ দেওয়া সম্ভব। অর্থাৎ প্রথমে খালি প্যাকেট বা বক্স স্কেলে রেখে টেয়ার সেট করলে সেটির ওজন শূন্য হিসেবে গণ্য হয়। এরপর শুধু ভেতরের পণ্য—যেমন মিষ্টি, ফল বা আটা—আলাদাভাবে পরিমাপ করা হয়।
এর ফলে ক্রেতা প্রকৃত অর্থে নেট পণ্যের সঠিক ওজন পান এবং প্যাকেটের ওজনের কারণে কোনো ঘাটতির শিকার হন না। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত উত্তম একটি পদ্ধতি, কারণ এর মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এবং কোনো ধরনের প্রতারণা বা ওজনে কম দেওয়ার সুযোগ থাকে না। শরিয়তের মূল উদ্দেশ্যই হলো মানুষের হক যথাযথভাবে আদায় করা এবং লেনদেনে ইনসাফ প্রতিষ্ঠা করা।
সুতরাং আধুনিক মিটার বা ডিজিটাল স্কেলে টেয়ার ফাংশন ব্যবহার করে প্যাকেটের ওজন বাদ দিয়ে শুধু পণ্যের সঠিক ওজন প্রদান করা—শরিয়তসম্মত, স্বচ্ছ এবং উত্তম লেনদেনের একটি সুন্দর বাস্তব প্রয়োগ।
তবে দুঃখজনক বাস্তবতা হলো, অনেক অসাধু ও প্রতারক ব্যবসায়ী এমন স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করতেও প্রস্তুত নয়। বরং অনেক ক্ষেত্রেই দেখা যায়, তারা প্যাকেট বা বক্সসহই মিষ্টি কিংবা অন্যান্য পণ্য ওজন করে সেটিকেই মোট ওজন হিসেবে গণ্য করে। এতে প্যাকেটের ওজন পণ্যের সাথে যুক্ত হয়ে যায়, ফলে ক্রেতা প্রকৃত পণ্যের পূর্ণ পরিমাণ থেকে বঞ্চিত হন—যা সুস্পষ্টভাবে ওজনে কম দেওয়া এবং ক্রেতার হক নষ্ট করার শামিল।
২. প্যাকেট বা বক্সভিত্তিক ক্রয়-বিক্রয়—
তবে যদি লেনদেনটি ওজনের ভিত্তিতে না হয়ে প্যাকেট বা বক্স হিসেবে সম্পন্ন হয়—যেমন “এই বক্স মিষ্টি” বা “এই কার্টুন ফল”—তাহলে আলাদাভাবে ওজন করা বাধ্যতামূলক নয়। কিন্তু তবুও এখানে স্বচ্ছতা বজায় রাখা জরুরি, যাতে ক্রেতা বুঝে-শুনে ক্রয় করতে পারে এবং কোনো প্রকার প্রতারণার সুযোগ না থাকে।
ফাতাওয়া শামী ৪/৫৩৮-৫৩৯, ৫৪২-৫৪৩, দারুল ফিকর সংস্করণ, ইহইয়া উলূমিদ্দীন ২/৭৮, দারুল মারেফা, বৈরত সংস্করণ, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচী, ফাতাওয়া নম্বর 144605101073
প্যাকেট বা বক্সের মূল্য কীভাবে ধরা হবে?
এক.
কাপড় কেনার ক্ষেত্রে যেমন অনেক সময় শপিং ব্যাগ ব্যবসায়ীরা বিনামূল্যে দিয়ে থাকে, তেমনি অন্যান্য পণ্য ক্রয়ের ক্ষেত্রেও প্যাকেট বা ব্যাগ ফ্রিতে দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে এর মূল্য আলাদাভাবে ধরা হবে না; বরং তা পণ্যের মোট খরচের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
দুই.
প্যাকেট বা বক্সের মূল্য আলাদাভাবে নির্ধারণ করাও জায়েয। যেমন—মিষ্টির দাম প্রতি কেজি ২৬০ টাকা এবং বক্সের মূল্য ১০ টাকা আলাদাভাবে উল্লেখ করা হলো। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য বিষয়টি স্পষ্ট থাকে এবং কোনো অস্পষ্টতা থাকে না।
তিন.
আবার চাইলে প্যাকেটসহ পণ্যের মোট মূল্য একসাথে নির্ধারণ করাও বৈধ। যেমন—“এই মিষ্টি ২৭০ টাকা”—এভাবে বলা হলে ক্রেতা আগেই জানবে যে উক্ত দামের মধ্যে প্যাকেটসহ পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
সতর্কতা—
আমরা অনেক সময় প্যাকেটজাত পণ্য—যেমন সয়াবিন তেল, চিনি ইত্যাদি—“১ কেজি” বা নির্দিষ্ট ওজন হিসেবে কিনি। কিন্তু অনেক ক্ষেত্রে প্যাকেট বা বোতলের ওজন বাদ দিলে প্রকৃত নেট পণ্য সেই পরিমাণ থাকে না।
যদি ঘোষিত ওজন অনুযায়ী পূর্ণ নেট পণ্য না দেওয়া হয়, তাহলে তা ওজনে কম দেওয়া ও প্রতারণার (তাতফীফ)-শামিল, যা শরিয়তের দৃষ্টিতে নাজায়েয।তাই প্যাকেটজাত পণ্যে নেট ওজন নিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য ক্রয়ের সময় ওজন করে নেওয়া জরুরি।
------------------
লিখেছেনঃ মুফতি Khairul Islam 25/4/2026
হানাফী ফিকহ-Hanafi Fiqh