নারীদের রোযা সংক্রান্ত বিশেষ মাসায়েল
নারীদের ক্ষেত্রে রমযান ও রোযা সংক্রান্ত শরীয়তের বেশ কিছু বিশেষ বিধান রয়েছে। নিম্নে সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয় কিছু মাসায়েল উল্লেখ করা হলো। এসবের বাইরে আরো কোনো মাসআলার দরকার হলে নির্ভরযোগ্য মুফতিয়ানে কেরাম থেকে জেনে নিতে হবে। ঋতুস্রাব অবস্থায় রোযার বিধান : নারীদের মাসিক ঋতুস্রাব বা সন্তান প্রসবোত্তর স্রাব অবস্থায় রোযা রাখা জায়েয নয়। এ সময়ে রোযা রাখলেও তা সহীহ হবে না। তাই তাদেরকে ঐসব রোযা পরবর্তীতে কাযা করে নিতে হবে। হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদীসে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর বা ঈদুল আযহায় নারীদের লক্ষ্য করে বললেন- أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ؟! قُلْنَ بَلَى، قَالَ: فَذَلِكَ مِنْ نُقْصَانِ دِينِهَا. মহিলারা তো ঋতুস্রাবের সময় রোযা রাখতে পারে না এবং নামাযও পড়তে পারে না। এটা তাদের দ্বীনের অসম্পূর্ণতা। -সহীহ বুখারী ১/৪৪; শরহু মুখতাসারিত তহাবী ২/৪৪০; আননুতাফ ফিলফাতাওয়া ১০০ রোযা অবস্থায় ঋতুস্রাব শুরু হলে : পবিত্র অবস্থায় রোযা রাখার পর যদি কোনো মহিলার ঋতুস্রাব শুরু হয় বা সন্তান প্রসব হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে। স...